সানস্টার নিউজ ডেক্স
গাইবান্ধার সুন্দরগঞ্জ তালুক বাজিত গ্রামের হরিজন সম্প্রদায়ের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, বাংলাদেশ রবিদাস ফোরাম এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন হরিজন যুব ঐক্য পরিষদের প্রধান আহ্বায়ক রাজেশ বাসফোর, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, রাজনৈতিক ব্যক্তিত্ব বীরেন সরকার মিন্টু, ওয়ার্কার্স পার্টির নেতা কৃষ্ণ সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে ভাগিয়ে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী মোতালেব মিয়া। টানা দেড় মাস পাশবিক নির্যাতনের পর রাতের বেলা মেয়েটির বাড়ির পাশে রাস্তায় ফেলে রেখে যায় মোতালেব। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা বাড়িতে উঠতে দেয়নি নির্যাতিতাকে। মেয়েটির মা-বাবা বাধ্য হয়ে কিশোরীকে সাবেক ইউপি সদস্য হায়দারের বাড়িতে রেখে আসেন। কিন্তু সেখানেও ইউপি সদস্য হায়দার, মতিন ও এক সবজি বিক্রেতা কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় মামলা দায়ের হলেও আসামি গ্রেফতার হয়নি। বক্তারা ভুক্তভোগী এবং তার পরিবারের নিরাপত্তাসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এসএস/রানা