সানস্টার নিউজ ডেক্স
সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে হরিজন সম্প্রদায়ের শিশুকে অপহরণের পর ধর্ষণ এবং সালিশের নামে যৌন হয়রানি প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ জুন) আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ রবিদাস ফোরাম, বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), নাগরিক সংগঠন জনউদ্যোগ এই মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাসের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র জি.এম. চৌধুরী মিঠু, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, বাংলাদেশ রবিদাস ফোরাম, বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের সভাপতি কীর্তন বাসফোর, দলিত নেতা খিলন রবিদাস, কৈলাশ রবিদাস, দুখু রবিদাস, সুন্দরগঞ্জ উপজেলা বিআরএফ সভাপতি সুজন রবিদাস, নয়ন ভুঁইমালী, বাবলু রবিদাস, সুজন রবিদাস, টুকু রবিদাস, দীপলাল রবিদাস, অধীর রবিদাস, মনোজ প্রসাদ প্রমুখ।
বক্তারা বলেন, হরিজন জনগোষ্ঠীর একটি মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে স্থানীয় প্রভাবশালী মোতালেব টানা দেড় মাস ধর্ষণ করে। পাঁচ দিন আগে রাতের বেলায় ওই মেয়েটিকে বাড়ির পাশে রাস্তায় ফেলে যায় । বাংলাদেশে অত্যন্ত প্রান্তিক অবস্থায় রয়েছে হরিজন জনগোষ্ঠী। তাই ভিকটিম পরিবারের নিরাপত্তাসহ ওই ঘটনার সঙ্গে যুক্ত সকল আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাসহ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
এসএস/রানা