সানস্টার নিউজ ডেক্স
বর্ষাকাল এলে মনে পড়বে ছাতার প্রয়োজনীয়তা, বিষয়টা এমন নয়।তবে বর্ষাকালের আসল ‘প্রোটেকশন’ বা ‘অ্যান্টিবায়োটিক’ তো ছাতা! বর্ষাকালের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী । ছাতা যে শুধু বৃষ্টিতেই কাজে দেয় তা নয়, রোদেও প্রয়োজন। তাই রোদ-বৃষ্টি-ঝড়ে ছাতা সঙ্গে রাখা ভালো। ছাতার আবিষ্কার বৃষ্টি থেকে বাঁচার জন্য তৈরি হয়নি। বরং ছাতার আবিষ্কার হয়েছে রৌদ্র থেকে বাঁচার জন্য! আমব্রেলা শব্দটি এসেছে ল্যাটিন ‘আমব্রা’ শব্দ থেকে। এই ‘আমব্রা’ শব্দের অর্থ হল, ছায়া। সূর্য থেকে রক্ষা পেতে কৃত্রিম ছায়ার জন্যই আবিষ্কার হয় ছাতা কিংবা আমব্রেলা!
প্রায় তিন হাজার বছর আগে ছাতার আবিষ্কার চীনে ! আবিষ্কার করার পর ছাতার ব্যবহার শুরু করেন কোরিয়ানরা। তারপর এশিয়ার আরও কিছু দেশ। এরপরই ছাতা পাড়ি দেয় ইউরোপে। রোমানদের কাছেতো ছাতা খুবই পছন্দের এবং প্রিয় হয়ে উঠেছিল। ইউরোপের নবজাগরণের সময়েও ছাতার ব্যবহারের কথা জানা যায়।তবে চীনে ছাতার ব্যবহার ছিল শুধুমাত্র মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ। পুরুষ কিন্তু ছাতার ব্যবহার শুরু করেছে অনেক পরে। জোনাস হানওয়ে নামের এক ইংরেজ প্রথম প্রকাশ্যে ছাতা ব্যবহার শুরু করেছিলেন। তাকে দেখার পর থেকেই ইউরোপে পুরুষরা ছাতা ব্যবহার করা শুরু করেন।
সেই থেকে শুরু। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে।ববহার করতে চাইলেও সবসময় ভালো ছাতা পাওয়া যায় না। দেখে শুনে তারপর কিনতে হয়।সময়ের সঙ্গে সঙ্গে ছাতায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। বাজারে বিভিন্ন রঙের ছোট-বড়, মাঝারি আকৃতির ছাতা পাওয়া যায়। এমনকি ছেলে, মেয়ে, বয়স্কদের জন্যও রয়েছে মনকাড়া আলাদা নকশার ছাতা।
ছাতা আমদানিকারকরা বিভিন্ন দেশ থেকে ছাতা নিয়ে আসার পর সেগুলো তাদের নিজস্ব নামকরণে বাজারজাত করে। যেমন শংকর, রহমান, মুন, চেরী আসে চীন থেকে। মার্টিন, রেলি ব্রাদার্স ছাতা আনা হয় মিয়ানমার থেকে। দেশীয় ব্র্যান্ডের মধ্যে শরীফ ছাতার কদর রয়েছে। ছাতা তৈরি হয় বিভিন্ন ধরনের কাপড় দিয়ে। তবে প্যারাসুটের কাপড় অথবা বেলপেকের কাপড় দিয়ে তৈরি ছাতাগুলো ভালো মানের। এই ধরনের কাপড় সহজে ছিদ্র হয় না এবং নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে। এছাড়া বেশ কিছু ছাতা রয়েছে যেগুলোতে দুই স্তরের কাপড় ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে রোদ-বাদলের দিনগুলোতে ছাতার বাইরের কাপড় গরম কিংবা ভেজা থাকলেও ভিতরের কাপড় একই রকম থেকে যায়।
ছাতার গুরুত্বপূর্ণ উপাদান শিক। শিক যদি কম থাকে অথবা নিম্নমানের হয় তাহলে হালকা বৃষ্টি কিংবা তুফানে ছাতা উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শিক যত বেশি থাকবে ছাতা তত মজবুত হবে। শিকের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো স্টিলের শিক ভেজা থাকলে মরিচা পড়ে নষ্ট হয়ে যায়।
স্টেইনলেস স্টিলের শিক, অ্যালুমিনিয়ামের শিকগুলো বেশ উন্নতমানের। তাছাড়াও শিকের সঙ্গে ফাইবার সংযুক্ত করে দেওয়া ছাতাগুলোও টেকসই।
এসএস/জুয়েল