সানস্টার নিউজ ডেক্স
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। তবে এটিকে আনুষ্ঠানিকভাবে গ্যাস ক্ষেত্র বলছেন না বাপেক্স কর্মকর্তারা। এখনও পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলা শহরের অদুরে পশ্চিম আনন্দপুর গ্রামে অনুসন্ধান কূপে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয়েছে কোম্পানিটি। পরীক্ষামূলক প্রতিটি ধাপে ‘পজিটিভ’আলামত পাওয়া যাচ্ছে। চূড়ান্তভাবে সফল হতে পারলে এটি হবে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র।
বাপেক্স কর্মকর্তারা বলছেন, এখনও পরীক্ষামূলক কার্যক্রম চলছে। অনেক সময় অনুসন্ধান কূপে পকেট থাকতে পারে। তাই পর্যবেক্ষণ করা হচ্ছে। চূড়ান্তভাবে সফল হতে পারলে সেটিকে গ্যাস ক্ষেত্র ঘোষণা করা হবে। বাপেক্স সূত্রে জানা গেছে, কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমমত একটি স্তরের পরীক্ষা চলমান রয়েছে। কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স।
বাপেক্সের এ প্রকল্প পরিচালক বলেন, আগামী দুদিন আরও পরীক্ষা নিরীক্ষা চলবে। তারপর আনুষ্ঠানিকভাবে বলা যাবে কী পরিমাণ গ্যাস আছে, কী পরিমাণ উত্তোলন করা যাবে।
এসএস/রানা