সানস্টার আন্তর্জাতিক ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় একটি সিনেমা তৈরি হচ্ছে। এ সিনেমায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ওপর মূল ফোকাস দেয়া হবে। মসজিদে হামলার পর তিনি যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সে বিষয়টা তুলে ধরা হবে। হলিউড রিপোর্টার এ তথ্য দিয়েছে।
সিনেমা নিয়ে আরডার্নের কোনো আপত্তি নেই। তবে সিনেমার ফোকাস নিয়ে তিনি একমত হতে পারেননি। এ সম্পর্কে তিনি বলেন, ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা সম্পর্কে যদি কোনো সিনেমা তৈরি হয় তাহলে তার ফোকাস মুসলমান সম্প্রদায়কে করতে হবে। ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চ মসজিদে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী হামলা চালায়। হামলায় ৫১ জন মুসল্লি নিহত হন। এই ঘটনা নিয়ে তৈরি হতে যাওয়া সিনেমার নাম ‘দে আর আস বা তারা আমাদের’।
জেসিন্ডা আরডার্ন আরও বলেন, ১৫ মার্চের ঘটনায় বলার মতো কিছু গল্প রয়েছে বলে আমি মনে করি। কিন্তু সবগুলো গল্পই আমাদের মুসলিম সম্প্রদায়ের। সুতরাং, তাদেরকে মূল কেন্দ্রে রাখতে হবে। গল্পটিতে আমার কথা বলা হোক তা আমি চাই না।
হলিউড রিপোর্টার জানিয়েছে, নিউজিল্যান্ডের অ্যান্ড্রু নিকল সিনেমাটির গল্প লিখছেন এবং পরিচালনা করবেন। হামলা সম্পর্কে এটিতে বেশি কিছু নেই। মূলত জেসিন্ডা আরডার্ন হামলার পরবর্তী পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন সেটাই সিনেমার বিষয়বস্তু।
এসএস/রানা