নিজস্ব প্রতিবেদক
ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে রানীর মৃত্যু হয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর রাজত্ব আর ৯৬ বছরের বর্ণাঢ্য এক জীবনের অবসান হলো। বাকিংহাম প্যালেস রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।
বিবিসি এক প্রতিবেদনে বলেছে, রানী এলিজাবেথ ছিলেন ব্রিটেনের রাজসিংহাসনে অটল কর্র্তৃত্বের অধিকারিণী। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন ব্রিটেনের প্রভাব ক্রমেই কমেছে, সমাজে আমূল পরিবর্তন এসেছে, রাজতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়েছে, তখনো অনেকের কাছে রানী দ্বিতীয় এলিজাবেথের জনপ্রিয়তা কমেনি। ব্রিটেনের রাজসিংহাসনে নিজ কর্র্তৃত্বে তিনি অটল থেকেছেন। অথচ তার জন্মের সময়ও কেউ ভাবেননি তার ভাগ্যে রয়েছে ব্রিটেনের সিংহাসনে আরোহণ।
এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ২১ এপ্রিল। তার বাবা অ্যালবার্ট, ডিউক অব ইয়র্ক এবং মা সাবেক লেডি এলিজাবেথ বোওজ-লিওনের তিনি ছিলেন প্রথম সন্তান। অ্যালবার্ট ছিলেন পঞ্চম জর্জের দ্বিতীয় সন্তান। তবে তার বড় ভাই ডেভিড ১৯৩৬ সালে তৃতীয় এডওয়ার্ড উপাধি পেয়ে সিংহাসনে বসলেও দুবার বিবাহ বিচ্ছেদ হওয়া আমেরিকান এক ধনী রমণী ওয়ালিস সিম্পসনের সঙ্গে বিয়ের কারণে সিংহাসন ত্যাগ করতে হয়। এলিজাবেথের বাবা ডিউক অব ইয়র্ক অনিচ্ছার সঙ্গে সিংহাসনে বসেন রাজা ষষ্ঠ জর্জ হিসেবে এবং তার অভিষেক অনুষ্ঠান কিশোরী এলিজাবেথকে দারুণভাবে মুগ্ধ করে।
রাজা ষষ্ঠ জর্জ, তার স্ত্রী ও দুই কিশোরী কন্যাকে নিয়ে যখন রাজতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফেরাতে ইউরোপে ঘুরছেন, তখন ১৯৩৯ সালে ইংল্যান্ডেই এলিজাবেথের সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘটে গ্রিসের যুবরাজ প্রিন্স ফিলিপের। এলিজাবেথের বয়স যখন ১৮, তখন ১৯৪৪ সালে ফিলিপের প্রতি তার প্রণয় গভীর হয়ে ওঠে। তিনি ঘরে ফিলিপের ছবি রাখতেন, দুজন দুজনকে চিঠি লিখতেন।
রাজপরিবারের প্রতি ব্রিটেনের মানুষের আগ্রহ, উদ্দীপনা নিয়ে বিতর্ক থাকলেও ২০০২ সালে মহাসমারোহে উদযাপিত হয় রানীর সিংহাসন আরোহণের সুবর্ণজয়ন্তী, এরপর রানীর ৮০ বছরের জন্মদিনে উইন্ডসরের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে তার বিশেষ সাক্ষাৎ-সফর, রানী ও প্রিন্স ফিলিপের বিয়ের ৬০তম বার্ষিকী উৎসব এবং ২০১১ সালে রানীর নাতি উইলিয়াম ও ক্যাথরিনের বিয়ে ও ২০১২ রানীর সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী। সবশেষ ২০২২-এর জুন মাসে মহাসমারোহে উদযাপিত হয়েছে রানীর সিংহাসন আরোহণের ৭০তম বার্ষিকী বা প্ল্যাটিনাম জয়ন্তী।