নিজস্ব প্রতিবেদক
জামাল ভূঁইয়ার বয়স ছিল ১৫ কিংবা ১৬। ডেনমার্কের সি কোপেনহেগের বয়সভিত্তিক দলের খেলোয়াড় ছিলেন তিনি। ওই সময়ই মাঠে তার প্রতিপক্ষ ছিলেন ওডেন্সে বোল্ডক্লাবের খেলোয়াড় এবং বর্তমান ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন।
শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন এরিকসন। জ্ঞান হারানো ডেনমার্কের এ ফুটবলারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাঠে এভাবে এরিকসনের পড়ে যাওয়ার দৃশ্যটি ফুটবলপ্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছে। ঘটনাটি না দেখলেও শোনার পর হতভম্ব হয়ে যান ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। একসময় যার বিপক্ষে সবুজ গালিচায় খেলেছিলেন সেই এরিকসনের জন্য ব্যথিত বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপ বাছাই খেলতে কাতারে অবস্থান করা জামাল রোববার ভিডিও বার্তায় এরিকসনের জন্য প্রার্থনা করেছেন, ‘যখন ওর হার্ট অ্যাটাক হয়েছে, তখনও আমি ঘটনাটি জানতাম না। কিন্তু জানার পর আমার অনেক খারাপ লাগছে। শুধু তার জন্যই নয়, খেলোয়াড়দের জন্যও খারাপ লাগছে। তার পরিবারের জন্য আমার খারাপ লাগছে। আমি মনে করি, সব ফুটবলার যারা কিনা পেশাদার কিংবা অপেশাদার সবাই ওর জন্য দোয়া করছে। সবারই খারাপ লাগছে।’
এরপর জামাল ফিরে গেলেন তার কিশোর বয়সে। বর্তমান ইন্টার মিলানে খেলা এরিকসনের সঙ্গে মাঠের লড়াইয়ের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করেন বাংলাদেশ ফুটবলের এ পোস্টারবয়, ‘ছোটবেলা থেকেই আমি ওকে চিনি। আমি ওর সঙ্গে দু’বার ফুটবল খেলেছি। যখন আমার ১৫ কিংবা ১৬ বছর ছিল, তখন এরিকসনের বিপক্ষে আমি খেলেছিলাম। ওই সময় মাচের আগে আমার কোচ আমাকে বলেছে যে, ওদের একটা নাম্বার টেন খেলোয়াড় আছে। যখন ম্যাচ শুরু হয়েছে আমরা লিড নিয়েছি, তারপর এরিকসন আরও দুটি গোল করেছে। তবে আমরা ম্যাচ জিতেছি। দ্বিতীয় ম্যাচেও সে আমাদের সঙ্গে দুটি গোল করেছিল, ওই মুহূর্তে আমি ওর সঙ্গে কথা বলেছি। আমি তখনই বুঝতে পারি, সে কত বড় মাপের খেলোয়াড়। চার মাস পর আয়াপ ওকে কিনে ফেলেছিল।