সানস্টার নিউজ ডেক্স
গত ১৫ মাস যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ফুলবাড়ীয়ায় কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক/কর্মচারীরা মানবেতর জীবনযাপন করলেও তাদের ভাগ্যে আজও জুটেনি করোনাকালীন সরকারি প্রণোদনার টাকা। করোনাকালের প্রথম ধাপে নন-এমপিওভুক্ত ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের খন্ড-কালীন শিক্ষকরা প্রণোদনার টাকা পান এবং দ্বিতীয় ধাপে ঐসব শিক্ষক/কর্মচারীরা প্রণোদনার টাকার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে সরকারের কাছে পুনরায় আবেদন করেন। শিক্ষক সমাজসহ বিভিন্ন পেশার লোকজন করোনাকালে একাধিকবার সরকারি প্রণোদনা পেলেও, বঞ্চিত রয়েছে চরম ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক/কর্মচারীরা।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় প্রায় ১শ’ টি কিন্ডার গার্টেন স্কুলে কর্মরত সহস্রাধিক শিক্ষক/কর্মচারী প্রণোদনা বঞ্চিত থাকলেও সরকার ও প্রশাসনসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে কোনো উদ্যোগ না নেয়ায় হতাশ হচ্ছেন এসব শিক্ষক।
উপজেলাস্থ কেশরগঞ্জ বাজারে অবস্থিত মীম প্রি-ক্যােডট স্কুলের প্রধান শিক্ষক মো. আশিকুর রহমান আশিকসহ অন্য শিক্ষকগণ বলেন, আমরা স্কুল থেকে সামান্য বেতন পাই। টিউশনি করে আমাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি। কিন্তু করোনার কারণে স্কুল ও টিউশনি বন্ধ থাকায় অনাহারে- অর্ধাহারে দিন কাটাচ্ছি। প্রণোদনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। ফুলবাড়ীয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি নজরুল সেনা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান হীরা বলেন, করোনাকালীন আমরা প্রণোদনা বঞ্চিত রয়েছি। আমরা আশাকরি শিক্ষকবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রতি সুদৃষ্টি দিবেন।
এসএস/রানা