সানস্টার ক্রিড়া ডেক্স :
বিশ্বকাপের শেষ ৮০ বছরের ইতিহাসে যা হয়নি, কাতারে জার্মানির সঙ্গে এবার তাই হয়েছে। টানা দুইবার গ্রুপ স্টেজ থেকে ছিটকে টুর্নামেন্টের সফলতম এই দলটি। এই বিদায়ের পর এবার নিজের ব্যর্থতার দায় স্বীকার করে জার্মান জাতীয় ফুটবলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন অলিভার বিয়ারহফ। তিনি জাতীয় দল ও একাডেমির পরিচালকের দায়িত্বে ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত চুক্তি থাকলেও উভয়ের সম্মতিতে ফেডারশনের সঙ্গে ১৮ বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি।
রাশিয়া বিশ্বকাপেও কোরিয়ার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। একই পরিণতি হয়েছে কাতারেও। তাছাড়া জার্মানদের গতিময় খেলা ছন্দ পালটে গিয়ে টিকিটাকাতে ঝুঁক বেড়েছে। এতে ফুটবল দল ব্যবস্থাপনা নিয়ে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে ফেডারেশনকে। বিয়ারহফের বিদায়ে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।
সোমবার ডয়েচে ভেলে তাদের এক প্রতিবেদনে জার্মান ফুটবল ফেডারেশনের প্রধান বিয়ারহফের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। কাতার বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থতার দায় নিয়েই পদ থেকে সরে দাঁড়ান তিনি। বিদায়কালে বিয়ারহফ বলেছেন, ‘নতুন একটি দিকনির্দেশনার পথ পরিষ্কার করতেই আমি সরে দাঁড়াচ্ছি।’
সোমবার সন্ধ্যায় পদত্যাগকালে ৫৪ বছর বয়সী সাবেক এই ফুটবলার বলেছেন, ‘রাশিয়াে ও কাতারে আমরা অতীতের সাফল্যের ধারা বজায় রাখতে পারিনি। গত চার বছরে আমরা ব্যর্থতা ঢাকার মতো ভিত্তিও গড়ে তুলতে পারিনি, ভক্তদের আরও একবার উচ্ছসিত হওয়ার মতো মুহূর্তও এনে দিতে পারিনি। তাই আমার মনে হয়েছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন।’
তিনি যোগ করেন, ‘কিছু সিদ্ধান্তের ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম, কিন্তু সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি। অনেকেই আফসোস করবে, কিন্তু এজন্য দায়ী আমি।’
বিয়ারহফ ২০০৪ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর জার্মান ফুটবল ফেডারেশনে যোগ দেন। তিনি ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৭টি গোল করেন। ১৯৯৬ সালে ইউরো জয়ের পথে ফাইনালে দুটি গোল করেন। ২০১৮ সালে জাতীয় দল এবং একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তিনি ২০১৫ সালে জার্মান ফুটবল একাডেমির জন্য প্রকল্প পরিচালনার দায়িত্ব নেন। ডিএফবির নতুন ক্যাম্পাসের পেছনে অন্যতম চালিকা শক্তি ছিলেন। তার অধীনে জার্মানি টানা ছয়টি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছিল এবং ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের শিরোপা জিতেছিল। জার্মানি ২০১৭ সালে কনফেডারেশন কাপ ও দুটি অনুর্ধ্ব-২১ ইউরোপীয় শিরোপা জিতেছে।
এসএস/জুয়েল