সানস্টার ক্রিড়া ডেক্স :
মিশন হেক্সার লক্ষ্যে শক্তিশালি স্কোয়াড নিয়ে কাতারে পা রাখে ব্রাজিল। ২৬ সদস্যের দল ঘোষণার দিনে অনেক ফুটবল বিশ্লেষকরা বলেছিলেন, এই দল সবার সেরা। সেরা দলে কাকে রেখে কাকে তুলবেন এমন দ্বিধায় পড়াটা অস্বাভাবিক নয়। তবে ব্রাজিল কোচ তিতে চার ম্যাচে স্কোয়াডে থাকা সবাইকে খেলিয়ে নতুন এক ইতিহাস গড়ে ফেলেছেন।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষার কথা বলেছিলেন তিতে, সেটি করেও দেখিয়েছিলেন। শুধুমাত্র একজন খেলোয়াড়কে মাঠে নামানো হয়নি, তিনি ওয়েভারতন। এবার সেটিও করলেন সেলেসাও কোচ। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮১তম মিনিটে আলিসনকে উঠিয়ে পালমেইরাস গোলরক্ষককে নামান তিনি। স্কোয়াডে থাকা পূর্ণ ২৬ জন সদস্যকে মাঠে নামিয়ে রেকর্ডও গড়লেন তিতে।
বিশ্বের প্রথম দল হিসেবে স্কোয়াডের সবগুলো সদস্যকে মাঠে নামিয়েছেন ব্রাজিলিয়ান এই কোচ। এর আগে ২০১৪ সালে ৯১% স্কোয়াড খেলিয়েছেন সেসময়ের সেলেসাও কোচ স্কলারি। ২৩ সদস্যের মধ্যে মাত্র দুইজন মাঠে নামেননি। তারা হলেন জেফারসন ও ভিকতর। এছাড়া ২০০২ বিশ্বকাপেও খেলেছিল ৯১% স্কোয়াড। ২৩ জন সদস্যের মধ্যে মাঠে নামা হয়নি দিদা ও রোসারিও চেনির।
৯১% স্কোয়াড খেলানোর তালিকায় নাম আছে ফ্রান্স ও ইংল্যান্ডেরও। ১৯৩৮ বিশ্বকাপে ফরাসি কোচ আদেমার পিমেনতা খেলাননি নারিজ ও নিগিনিয়োকে। ইংলিশ কোচ ভিসেন্তে ফিওলা ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলাননি এডু এবং জিটোকে।
এসএস/জুয়েল