শরিফুল ইসলাম বাবুল
সাত বছর পর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল সোমবার (৭ নভেম্বর)। দীর্ঘ সময় পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্মেলন ঘিরে পদপ্রত্যাশীদের ও নেতা-কর্মীদের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। বেলা দুইটায় টাঙ্গাইল স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। জেলা-উপজেলা শহরের চা স্টল থেকে অফিসের গোল টেবিল পর্যন্ত সম্মেলনকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনার ঝড়। বর্তমান নেতৃত্বই থাকছে নাকি আসছে নতুন কোন চমক? এটাই আলোচনার মূল বিষয়। সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আ’লীগ এবং সহযোগী সংগঠন গুলোর সাথে করা হয়েছে প্রস্তুতি সভা। সকল দ্বিধাদ্ব›দ্ব ভুলে সম্মেলন সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ।
জেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে দলের পক্ষ থেকে চলছে প্রস্তুতির শেষ মূহুর্তের কাজ। চলছে সম্মেলনস্থল প্রস্তুত করণও। জেলা শহরের চতুর্দিকে পোস্টার-ব্যানার ও ফেস্টুনে পাশাপাশি অতিথিদের নজর কাড়তে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে জমে উঠেছে উৎসবের আমেজ। জেলা ব্যাপী দলীয় নেতাকর্মী ও জনসাধারণের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।
আ’লীগের সম্মেলন উপলক্ষে শহর সেজেছে এক নতুন রূপে। প্রায় এক লাখ নেতাকর্মীর জন্য চলছে প্যান্ডেল তৈরীর কর্মযজ্ঞ। চারদিকে এত আয়োজন চললেও সকলের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে “কে হচ্ছেন জেলা আ’লীগের সভাপতি ও সম্পাদক”। এ উৎকণ্ঠার যেন শেষ নেই। তবে অপেক্ষার মুহূর্ত শেষ বললেই চলে। দিন পেরোলেই সবার এই প্রশ্নের উত্তর মিলবে। ১৪ মাস পরে জাতীয় নির্বাচন, নেতাকর্মীরা মনে করেন নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য জেলা কমিটি গঠন করবে হাই কমান্ড।
টাঙ্গাইল জেলা আ’লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
জেলা আ’লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
এছাড়াও বাংলাদেশ আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, শাহজাহান খান এমপি, অ্যাড. কামরুল ইসলাম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল- আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজম এমপি।
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল -সখিপুরের সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এর সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাড. সানজিদা খানম, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এমপি ও আলহাজ্ব মোহাম্মদ সাঈদ খোকন। এছাড়াও বক্তব্য রাখবেন জেলা আ’লীগ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যগণ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল জেলা আ’লীগের সভাপতি ও এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসএস/জুয়েল