ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নওয়াব মিয়া (৬০) নামের এক ব্রাজিল সমর্থককে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা। এ ঘটনার জেরে তিন আর্জেন্টিনা সমর্থকে পিটিয়ে আহত করেছেন ব্রাজিলের সমর্থকরা।
আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে ।
এ দিন সকালে কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় তাদের হাতাহাতি থামানো হয়। পরে বিকেলে নওয়াব মিয়াকে একা পেয়ে মো. জীবন মিয়াসহ আরো চার থেকে পাঁচজন আর্জেন্টিনা সমর্থক মিলে মারধর করে পালিয়ে যায়।
এসএস/রানা