সানস্টার নিউজ ডেক্স
রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শামীম (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। শামীম শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শামীম রাজশাহীর মোহনপুর উপজেলার বাউটিয়া গ্রামের মৃত শফিকের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, রাতে গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল টহল দিচ্ছিল। এ সময় একদল দুস্কৃতিকারী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। এর পর শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় হামলাকারী অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজন পড়ে থাকে। উদ্ধার করে ভোরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল ফোনের সূত্র ধরে জানা যায় যে, এটি চুরি করা। কয়েক দিন আগে ললিতনগর গ্রামে ধর্ষণ ও খুনের শিকার এক শিশুর বাড়ি থেকে ফোনটি চুরি হয়েছিল। তাই ধরে নেওয়া হচ্ছে, চুরি করতে গিয়ে শামীম ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছিল। গত ১৯ জুন দিনগত রাতে ললিতনগর মাকরান্দা কোয়ার্টারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সুমাইয়া খাতুন (১০) ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়। ২০ জুন সকালে আনোয়ারের ভাই রফিকুলের ছাদে সুমাইয়ার লাশ পাওয়া যায় খড়ের পালার নিচে। আনোয়ারের বাড়ির ছাদ থেকে তার ভাই রফিকুলের বাড়ির ছাদে যাওয়া যায়। সুমাইয়া সেই রাতে একাই ঘুমিয়েছিল। তাকে তুলে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়।
গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, শামীমের কাছ থেকে নিহত সুমাইয়ার চাচাতো বোনের মোবাইল ফোন পাওয়া গেছে। যে রাতে সুমাইয়া খুনের শিকার হয়, সেই রাতেই ফোনটি চুরি হয়েছিল। তাই ধরে নেওয়া হচ্ছে চুরি, ধর্ষণ ও খুনের সঙ্গে শামীম জড়িত ছিল।তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে শামীমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএস/রানা