সানস্টার নিউজ ডেক্স
রিও ডি জেনেইরোর সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ২-১ গোলে জিতেছে ব্রাজিল। টানা দুই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর এবার জিততে পারলো তিতের শিষ্যরা।
খেলা শুরুর ১০ মিনিটের মাথায় কলোম্বিয়াকে এগিয়ে দেন দিয়াজ। পোর্তোর হয়ে খেলা আক্রমণভাগের এই ফুটবলার অসাধারণ দক্ষতায় ব্যাক ভলি করে বল জালে জড়িয়ে দেন। এরপর লম্বা সময় ব্যবধান ধরে রাখে কলম্বিয়া।
গোল দিয়ে রক্ষণটা আরও আঁটসাঁট করে ফেলে কলম্বিয়া। কোনোভাবেই সেই রক্ষণে ফাঁটল ধরাতে পারছিলেন না নেইমার-জেসুসরা। প্রথমার্ধে অবশ্য নেইমারের মতো নিষ্প্রভ ছিলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জেসুসও। রিচার্লিসন বাঁ উইংয়ে ভালো কিছু বল পেলেও সুযোগ তৈরি করার মতো কোনো আক্রমণ রচনা করতে পারেননি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় ব্রাজিলকে।
দ্বিতীয়ার্ধে তিতে মাঠে নামান রবার্তো ফিরমিনোকে। ব্রাজিলকে একটি পয়েন্ট এনে দেওয়া গোলটি ৭৮ মিনিটে তিনিই করেছেন। বাঁ প্রান্ত থেকে রেনান লোদির ক্রসে বক্সের মধ্য থেকে হেডে গোলটি করেন ফিরমিনো। তবে এ নিয়ে জোর আপত্তি তুলেছে কলম্বিয়া দল। লোদি ক্রস করার আগে বল রেফারির গায়ে লেগেছিল, এখানেই আপত্তি তাদের।
রেফারি অনেকক্ষণ ধরে বিষয়টি নিয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে কথা বলেন। এ সময় দুই দলের খেলোয়াড়েরাই তাকে চাপ প্রয়োগ করতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য গোলের সিদ্ধান্তই বহাল থাকে।
খেলা শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত ১০ মিনিটকে কাজে লাগিয়ে ৯৮ মিনিটের মাথায় আসে জয়ের গোল। কর্নার থেকে কিক নেন নেইমার। সেই কিকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড করেন ক্যাসেমিরো। তার এই হেডেই কাঁপিয়ে দেয় কলম্বিয়ার জাল।
রাতের অপর খেলায় ফ্রান্স-পর্তুগাল ম্যাচে ২-২ গোলে ড্র হয়।
এসএস/রানা