সানস্টার নিউজ ডেক্স
প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা । আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি প্রতিম্যাচেই তার দল নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ডি মারিয়া-গোমেজরা। মেসির বাড়ানো বল ধরে ডি মারিয়া এগিয়ে যান, ডি বক্সের ভেতর দাঁড়ানো পাপু গোমেজকে খুঁজে নেন। দারুণ এক ফিনিশিংয়ে গোমেজ বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের জালে। আর্জেন্টিনার লিড। ম্যাচের সময় তখন মাত্র ১০ মিনিট।
গোল খেয়ে বেশ তেতে উঠে প্যারাগুয়ে। বেশ কয়েকবার হামলা চালায় আর্জেন্টিনার রক্ষণে। তবে নিজেদের রক্ষণ সামলে কয়েকবারই কাউন্টার অ্যাটাকে গেছেন মেসি-ডি মারিয়ারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি আত্মঘাতী গোলও পেয়ে যায় তারা। তবে অফসাইড ধরে সেটি বাতিল করে দেন ম্যাচ রেফারি।
দ্বিতীয়ার্ধে এলোমেলো ফুটবল খেলেছে দুই দল। অ্যাগুয়েরো-ডি মারিয়া-গোমেজ সবাইকেই তুলে নেন কোচ, নামান কোরেয়া-ডি পলদের। তারাও আর গোল আদায় করতে সক্ষম হননি। বল দখলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে প্যারাগুয়ে। তবে আরও একবার নিজেদের জাল রক্ষা করতে সক্ষম হয় আর্জেন্টিনা।
প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সবশেষ জয়টা ২০১৫ সালে। অর্ধযুগ পর আবারো তাদের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেল মেসিবাহিনী।
এসএস/সাবরুন