নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সারা দেশে কঠোর বিধিনিষেধ চলছে। সামনে কোরবানির ঈদ। স্থানীয় প্রশাসন কোরবানির হাট বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের সখীপুরে অনলাইন গরু-ছাগলের হাট জনপ্রিয় হয়ে উঠেছে। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের অনলাইন প্লাটফর্ম’ নামে একটি পেইজ খুলে এ কার্যক্রম চালু করেছে।
ফেসবুক পেইজে গরুর খামারিরা গরু, ছাগল ও মহিষের ছবিসহ বিভিন্ন তথ্য আপলোড করছেন। কেউ কেউ গরু-ছাগলের ছবি ছাড়াও ভিডিও, ওজন ও দাম দিয়ে দিচ্ছেন। গরু কিনতে আগ্রহীরা ওই পেইজে ঢুকে তাঁদের ইচ্ছেমত গরু দেখে পছন্দ হওয়া গরুর মালিককে ফোন করে যোগাযোগ করছেন। কেউ কেউ ছবি দেখেই দাম-দর ঠিক করছেন। আবার কেউ ওই খামারে গিয়ে গরু পছন্দ করে কেনা-বেচা করছেন। তবে লেনদেনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাকে অবশ্যই অধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল জলিল।
উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানায়, উপজেলায় গরু, মহিষ, ছাগলসহ কোরবানি দেওয়ার যোগ্য পশু রয়েছে প্রায় ৮ হাজার। উপজেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় ৬ হাজার। উপজেলার চাহিদা মিটিয়েও প্রায় ২ হাজার গরু-ছাগল উদ্বৃত্ব থাকবে। উপজেলায় খামারের সংখ্যা তিন শতাধিক। একটি থেকে দুটি গরু আছে এ ধরনের চাষির সংখ্যা প্রায় দুই হাজার ৮শ জন।
সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক অনলাইন হাটে যুক্ত হয়েছেন। তাঁর খামারে বেশ কয়েকটি গরু আছে। তাঁর একটি গরুর দাম হাঁকা হয়েছে তিন লাখ টাকা। তিনি অনলাইন হাটের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা দুর্যোগে অনলাইন পশুর হাট খামারিদের পশুর ন্যায্যমূল্য প্রাপ্তির পাশাপশি করোনা সংক্রমণ ঝুঁকিও কমাবে।
সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন তালুকদার তাঁর একটি ষাঁড়গরু বিক্রির জন্য ওই অনলাইন হাটে বিজ্ঞাপন দেন। ফোন নম্বরের সূত্র ধরে ৩ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম গত শনিবার ওই গরু দেখতে আসেন। দুই পক্ষের দর কষাকষির এক পর্যায়ে ৭৫ হাজার টাকায় ওই ষাঁড় বিক্রি হয়।
আনোয়ার হোসেন বলেন, অনলাইনে গরু বিক্রির সুবিধা হচ্ছে- এখানে কোনো ট্যাক্স দিতে হলো না। বাজারে গরু নিয়ে যাওয়ার ঝামেলাও থাকলো না।
অনলাইনে কোরবানির গরু ক্রয়কারী রফিকুল ইসলাম বলেন, অনলাইনে আরও একটু সুবিধা হচ্ছে, ওই গরু লালন পালনের বাড়তি ঝাঁমেলা নেই। ওই খামারি ঈদের আগ পর্যন্ত লালন পালন করে দেবেন। হাট থেকে কিনলে এ সুবিধা পাওয়া যেত না।
উপজেলার দেউবাড়ী গ্রামে গড়ে উঠেছে ‘উস্টার এগ্রো সলিশন’ নামের একটি খামার। ওই খামারে বিক্রিযোগ্য ৩০টি গরু আছে। ১৮০ কেজি থেকে ৩৭৫ কেজি পর্যন্ত ওজন ওইসব গরুর ছবি দেওয়া হয়েছে। ওই খামারের পরিচালক বলেন, অনলাইনে আপলোড দেওয়ার পর রাজধানী ঢাকাসহ অনেক স্থান থেকে বেশ সাড়া পাচ্ছি। দরদাম হচ্ছে তবে এখনো গরুও বিক্রি হয়নি। আশা করছি ঈদের আগে সব গরুই বিক্রি হবে।
উপজেলার বেড়বাড়ী গ্রামের আনোয়ার ডেইরি ফার্মের মালিক আনোয়ার হোসেন বলেন, গত তিনদিনে তিনটি গরু বিক্রি হয়েছে। বেশ সাড়া পাচ্ছি। বাকি গরুগুলো বিক্রির অপেক্ষা রয়েছে।
অনলাইন গরুর হাট নিয়ন্ত্রণে থাকা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল জলিল বলেন, এই অনলাইন গরুর হাটে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইন হাট ছাড়া ক্রেতা-বিক্রেতাদের উপায়ও নেই।
এসএস/জুয়েল