নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে মাস্ক না পরায় আট মামলায় এক হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ জুন) বিকেলে সখীপুর পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।
আদালত সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করলেও অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে মাস্কবিহীন চলাফেরা করছেন। আজ বিকেলে সখীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকা মোখতার ফোয়ারা চত্বরে মাস্কবিহীন চলাচলের দায়ে ভ্রাম্যমাণ আদালত আটটি মামলায় এক হাজার ৪০০ টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ করোনা পরিস্থিতিতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর জন্য সকলকে আরও সচেতন হতে হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
এসএস/জুয়েল