সানস্টার নিউজ ডেক্স
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর পাশাপাশি শহর ছেড়ে যাওয়া মানুষজনেরও চাপ বেড়েছে।
শনিবার (২৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরিতে পণ্যবাহী গাড়ির চেয়ে ব্যক্তিগত গাড়িই বেশি পারাপার হচ্ছে। একই সঙ্গে পারাপার হচ্ছে জরুরি সেবামূলক অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি। নৌপথে লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরি বোঝাই হয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়া আসছে মানুষজন।
বেশিরভাগ যাত্রীর মুখে কোনো মাস্ক নেই। কয়েকজনকে মাস্ক না পরার কারণ জিজ্ঞেস করলে কোনো উত্তর না দিয়ে দ্রুত হেঁটে গেলেন। আবার অনেকে দিলেন বিভিন্ন অজুহাত।
শুক্রবার লকডাউনের ঘোষণার পরে শনিবার ভোরে উভয়মুখী যাত্রীচাপ বেড়েছে কয়েকগুণ। সরকার ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে গাড়ি ও যাত্রী পারাপার হচ্ছে। কঠোর বিধিনিষেধ ঘোষণার আশঙ্কায় যাত্রীদের ভিড় বেড়ে গেছে ঘাটে। সড়কে চেকপোস্ট বসিয়েও আটকানো যাচ্ছে না মানুষজনকে।
লকডাউনের নিয়ম অনুযায়ী, শুধু পণ্যবাহী ও জরুরি যান পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছে। ফেরিতে গাড়ি ওঠানোর সময় তারা ফেরিতে উঠে পড়ছেন এবং ছোট গাড়িগুলোও পণ্যবাহী গাড়ি উঠানোর সময় উঠে যাচ্ছে।
এসএস/রানা