সানস্টার নিউজ ডেক্স
সারা দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্তের হার ২০ শতাংশের ওপরে গেলে আবারও লকডাউন ঘোষণা হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত করোনা বুলেটিনে এ কথা জানান অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, সারা দেশে আপাতত লকডাউন নয়। তবে পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায়, তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে রাজধানীর আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। প্রয়োজনে লকডাউন এলাকা বাড়ানো হবে, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন মন্ত্রিপরিষদ সচিব। এমতাবস্থায় সারা দেশে আবারও সর্বাত্মক লকডাউন দেওয়া হবে কিনা প্রশ্ন সাধারণ মানুষের।
অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি। যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং ঢাকার পরিস্থিতি নাজুক হয়, তাহলে শুরুতে ঢাকায় লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৩৬ জন খুলনার, ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ৭ জন , রাজশাহীতে ১৮ জন , বরিশালে ১ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।
এসএস/রানা