সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এএসআই আজিজুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুইজনসহ ১০-১২জনের নামে সখীপুর থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার (২৩ জুন) রাত আড়াইটায় উপজেলার দেওবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তরাকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে মো. বাবুল খান ওরফে বাবু(২৯) ও ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা গ্রামের নুরু শেখের ছেলে রাজিব শেখ(৩৫)।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার দেওবাড়ি বাজারের উত্তর পাশে মো. আলম মিয়ার দোকানের পিছনে মাটি ভরাটকৃত জায়গায় ডাকাতির জন্য ১০-১২জনের একটি আন্তঃজেলা ডাকাত দল প্রস্তুতি গ্রহণ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ১টি প্রাইভেটকার, ১টি দা, ১টি চাপাতি, ১টি ভোল্ট কাটার উদ্ধার করা হয়।
এসআই নজরুল ইসলাম বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ১০-১২জনের একটি দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলো। গোপন সংবাদের ভিত্তি ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ২জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে ৭দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।
এসএস/জুয়েল