নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম(৩০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার(৬ মার্চ) রাত ৯ টার সময় উপজেলার বড়চওনা বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের উত্তরপাশে রাস্তা দখল করে প্রতিনিয়ত ২-৩ টি ট্রাক দাঁড় করিয়ে খামারীদের ডিম লোড-আনলোড করা হয়। প্রতিদিনের মতো সোমবার রাতেও ঐ স্থানে ৩ টি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল।
এসময় সখীপুর-সাগরদিঘী সড়কের একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর গুরুতর আহত হয়। তাৎক্ষণিক, তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর উপজেলার শিরিরচালা গ্রামের সূর্যাত আলীর ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে।
এসময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই জায়গায় দিন নাই রাত নাই সব সময় ২/৩ টি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। মূলত এ কারণেই এমন দুর্ঘটনা ঘটে। মানুষের প্রাণ যায়। আমরা এর সঠিক বিচার দাবি করছি। এদিকে ঘটনার পর থেকে এখন পর্যন্ত ঐ স্থানে থাকা ট্রাক-চালকরা পলাতক রয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, পরিবার থেকে কোন অভিযোগ করেনি।
এসএস/জুয়েল