সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্ধা উত্তর পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এর তথ্য মতে অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে মালিকপক্ষের দাবি ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লাখ টাকা।
মালিক পক্ষের দাবি, কয়েকদিন আগে তুলা প্রক্রিয়াজাত করার জন্য কাঁচামাল হিসেবে প্রায় ৫০ লাখ টাকার জুট কাপড় ক্রয় করেছেন। আগুনে মেশিনপত্রসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের তথ্যমতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৮ লাখ টাকার মত হবে।
কারখানার মালিকের ছেলে সাইফুল ইসলাম জানান, কারখানায় তুলা প্রক্রিয়াজাত করার সময় হঠাৎ দেখা যায় মেশিনের সুইচের পাশে আগুন জ্বলছে। সেখান থেকে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সখীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, তুলার গুদামে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নেভানোর পরও জ্বলে উঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকার মত হবে।
এসএস/জুয়েল