সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বীরমুক্তিযোদ্ধা তোরাব আলীর আমরণ অনশন কর্মসূচি পালন করায় এর প্রতিবাদে উপজেলার কলেজ মোড় এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সখীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার মুজিব কলেজ মোড় মসজিদভিত্তিক সমাজের সভাপতি স্থানীয় সংসদ সদস্যের জামাতার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলীর পরিবারকে একঘরে করে রাখার অভিযোগে ওই পরিবার সখীপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে। ওই অনশন কর্মসূচির প্রতিবাদে আজ কলেজ মোড় এলাকাবাসী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম আমজাদ হোসেন। সংবাদ সম্মেলনে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, বীর মুক্তিযোদ্ধা তোরাব আলীর নানা অপকর্মে তারা অতিষ্ঠ। তোরাব আলীর পরিবারের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে।
লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আরও বলেন, ৫০-৬০ জন সমাজবাসীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী একাধিক মামলা করেছেন। এ কারণে সমাজবাসী তোরাব আলীর নাম সমাজ থেকে কেটে দিয়েছেন। এক্ষেত্রে তোরাব আলীকে একঘরে করে রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
উল্লেখ্য, উপজেলার মুজিব কলেজ মোড় মসজিদভিত্তিক সমাজের সভাপতি ও সমাজবাসীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলীর পরিবারকে একঘরে করে রাখার অভিযোগে ওই পরিবার গতকাল শুক্রবার সখীপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করে। ওইদিন সন্ধ্যায় দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন মীমাংসার আশ্বাস দিলে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী তাঁর অনশন কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে নেন।
এসএস/রানা