সানস্টার নিউজ ডেক্স
ডেডিকেটেড চ্যানেল চালুর চিন্তা করছে সরকার।শিক্ষার্থীরা যাতে সারা বছর ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে সেই কথা মাথায় রেখে এমন চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেওয়ার আওতায় নিয়ে আসা হবে বিশ্ববিদ্যালয়গুলো।
নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সারাবছর অনলাইনে ছাত্রছাত্রীদের পাঠদান দেওয়ার জন্য একটি ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। বর্তমানে সকল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষাও নেওয়া হচ্ছে।
সংরক্ষিত নারী আসনের বেগম ফেরদৌসী ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৬টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। যেসব জেলায় একটিও বিশ্ববিদ্যালয় নেই সেখানে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ২০ হাজার ৪৯৯টি স্কুলের মধ্যে ১৫ হাজার ৬৭৬টি এবং ৪ হাজার ২৩৮টি কলেজের মধ্যে ৭০০টি কলেজে অনলাইন ক্লাস চলছে।
এসএস/রানা