সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউপি নির্বাচনে তৃণমূলের মতামত উপেক্ষা করে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে পছন্দমতো প্রার্থীর তালিকা জেলা থেকে কেন্দ্রে পাঠানোর মিথ্যা অভিযোগ এনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। গতকাল বুধবার দুপুরে সখীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন ছাড়াও ওই ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের ১২জন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান প্রার্থী এড. আনোয়ার হোসেন। তিনি তার লিখিত বক্তব্যে গত ৯ মে প্রার্থী আতিকুর রহমান বুলবুলের সংবাদ সম্মেলনে তার (আনোয়ার) এবং স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার ও প্রতিবাদ জানিয়ে বলেন, চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান বুলবুল একজন জনবিচ্ছিন্ন নেতা। তিনি একাই সম্পূর্ণ মিথ্যা বর্ণনা দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। ওই সংবাদ সম্মেলনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সম্মেলনের প্রতিবাদ জানাতে প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরাও আমার এ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। এলাকায় তার কোনো জনসমর্থন নেই। গণসংযোগসহ সামাজিক কোনো কর্মকাÐে অংশগ্রহণ নেই। শুধু নির্বাচনে তপসিল ঘোষণা হলে বারবার নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করেন। একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের পরামর্শে অসৎ উদ্দেশ্যে নিজেকে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি আরও বলেন, আমি কখনও বিএনপি করিনি। ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। মাননীয় সংসদ সদস্যকে রাজনৈতিকভাবে মানক্ষুন্ন করতেই তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে।
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন বলেন, তৃণমূলের সমর্থন নিয়েই এড. আনোয়ার হোসেনকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ডের নেতাকর্মীরাও সম্মেলনে একই ধরনের বক্তব্য দেন।
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম বলেন, গঠনতন্ত্র মেনেই ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা আ’লীগের প্রস্তুকৃত তালিকা জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। এ তালিকা প্রস্তুতে আমার কোনো হস্তক্ষেপ নেই।
এসএস/জুয়েল