সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকায় তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাঁচাবাজার সড়কে রেনাজ সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে তিনটি দোকানে পাঁচ-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান।
টিভি মেরামতকারী দোকানদার বাবুল মিয়া জানান, আমি রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। ১২টার দিকে খবর পেয়ে এসে দেখি আগুনে পুড়ে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সখীপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার লাভলু তরফদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ২টি ইউনিটে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা।