নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে সরকারি খাস জমিতে মাটি কাটার অপরাধে তোতা মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টায় উপজেলার গড়বাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা।
অর্থদণ্ড পাওয়া তোতা মিয়া উপজেলার গড়বাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে। তোতা মিয়া একটি খননযন্ত্র ভাড়া করে সরকারি খাস জমি থেকে মাটি কেটে ব্যবসা করছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, ভাড়া করা খননযন্ত্র দিয়ে সরকারি জমির মাটি কাটা হচ্ছে এমন খবর পেয়ে আদালত ওই গ্রামে অভিযান চালানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (১) ধারার অপরাধে ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসএস/জুয়েল