অবসরে ফিরলেন কনস্টেবল জাহিদ হাসান। দীর্ঘ ৩০ বছর ১ মাস নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে আজ শনিবার (৩১ জুলাই) অবসরে গেলেন।
তাঁর বিদায় অনুষ্ঠানটি ব্যতিক্রম ভাবে আয়োজন করে টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ। থানার সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে তার হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন ওসি একে সাইদুল হক ভূঁইয়া।
দিনটি স্মরণীয় করে রাখতে ওসির গাড়িটি রং-বেরঙের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়। জাহিদকে ওসির আসনে বসিয়ে তার নিজ বাড়ি টাঙ্গাইলের বাসাইল পৌঁছে দেওয়া হয় ।
এসময় ওসি তদন্ত সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সেকেন্ড অফিসার ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
আবেগ আপ্লুত জাহিদ হাসান বলেন, জীবনে কখনও কল্পনা করিনি এমন সম্মান নিয়ে অবসরে যাব। ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান দেখে আমি আনন্দিত। ওসি স্যারসহ সকল সহকর্মীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।