নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে সাজাপ্রাপ্ত আসামি মো. শাহাদত হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলার দেওবাড়ি চাকলা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শাহাদত হোসেন যাদপুর ইউনিয়নের দেওবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
সখীপুর থানা মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. শাহাদত হোসেনের নামে আদালতে একটি পারিবারিক মামলা চলছিল। ওই মামলায় আদালত তাকে ২০১৯ সালে এক বছরের কারাদন্ড ও চার লাখ বিশ হাজার টাকা অর্থদন্ড দেন। এর পর থেকেই গ্রেপ্তার থেকে বাঁচতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। সখীপুর থানার এসআই এনামুল ও কনস্টেবল শরিফুল ইসলাম হুজুরের ছদ্মবেশ ধারণ করে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় সে নিজ এলাকায় খালি গায়ে রাস্তায় হাঁটাহাটি করছিল।
এসআই এনামুল দেশ রূপান্তরকে বলেন, পারিবারিক মামলার গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবত গা ঢাকা দেয়। জানা যায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে রিকশা চালিয়ে জীবন ধারন করত। গোপন সংবাদদের ভিত্তিতে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যারের নির্দেশে শনিবার দুপুর তিনটায় হুজুরের ছদ্মবেশে তার নিজ এলাকা থেকে দৌঁড়িয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, হুজুরের ছদ্মবেশে উপজেলার দেওবাড়ি এলাকা থেকে সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রবিবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।
এসএস/জুয়েল