সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে প্রায় দেড় লাখ টাকা মূল্যের শাল-গজারি কাঠ উদ্ধার করেছে বন বিভাগ।
রবিবার (২৬ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার বহেড়াতলী রেঞ্জের আওতায় ছোটচওনা ঘাটপাড় এলাকা থেকে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এ কে এম আমিনুর রহমানের নেতৃত্বে কাঠগুলো উদ্ধার করা হয়।
রবিবার ভোর রাতে বহেড়াতৈল বিটের একটি বন থেকে দুর্বৃত্তরা পাচারের উদ্দেশ্যে কাঠগুলো নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে এম এম চালা ও কচুয়া বিট কর্মকর্তাসহ প্রায় ১০জনের একটি টিম অভিযান চালিয়ে গজারি কাঠসহ(বল্লী) একটি ট্রাক উদ্ধার করেন। এ অভিযান চলাকালে চোরচক্রের কাউকে পাওয়া যায়নি।
বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এ কে এম আমিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চোরাই কাঠব্যবসায়ী সখীপুরের সংরক্ষিত বনের শাল-গজারি কাঠ কেটে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের কাঠসহ একটি ট্রাক জব্দ করে বহেড়াতৈল রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বন আইনে মামলা প্রক্রিয়াধীন। বন সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসএস/জুয়েল