নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে শিক্ষকের অবহেলায় এক মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যুর হয়েছে। নিহত আল আমিন (২০) উপজেলার কালিয়ান হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) ভোরে ওই শিক্ষার্থী মাদরাসা হোস্টেলে মারা গেছেন বলে তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে। মঙ্গলবার সকাল আটটার দিকে ওই শিক্ষার্থীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমীন উপজেলার বেতুয়া মধ্যপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।
বহেড়াতৈল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. উজ্জল হোসাইন জানান, নিহতের নাক দিয়ে রক্ত ঝরছিল। ওই মাদরাসার একজন শিক্ষকও তাকে হাসপাতালে নিতেও সহায়তা করেননি। ওই শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের অবহেলা ছিল।
কালিয়ান হাফেজিয়া ও এতিমখানার দায়িত্বে থাকা শিক্ষক হাফেজ মো. মুসা জানান, আমাদের কোনো অবহেলা ছিল না। সে অসুস্থ ছিল। সে অন্য দিনের মতো নির্ধারিত সময়েই ঘুমিয়ে পড়ে। সে সকালে নামাজেও যায়নি। নামাজ শেষে তাকে ঘুম থেকে উঠার জন্য ডাক দিলে কোনো শব্দ না পাওয়ায় তাকে দ্রæত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, ওই শিক্ষার্থী গত পাঁচ-ছয় মাস আগে এ প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। আগে থেকেই আল আমিন অসুস্থ ছিল।
নিহতের বড় ভাই মিনহাজ উদ্দিন বলেন, আমার ভাই অসুস্থ ছিলোনা। অসুস্থতার বিষয়টি মিথ্যা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/জুয়েল