সখীপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে নির্মাণাধীন ভবনের ছাদের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে ফেরদৌস (২০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার দামিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস গাইবান্ধার সাধুল্লাপুর উপজেলার আলিনগর গ্রামের রিপন মিয়ার ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষসূত্রে জানা যায়, ফেরদৌস উপজেলার কালিয়া ইউনিয়নের দামিয়া গ্রামের হেকমত আলীর নির্মাণাধীন ভবনের ছাদে রডের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপরের তারে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাইল করিম জানান, লিখিত শর্তে নিহতের পরিবার লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে গেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
এসএস/জুয়েল