সখীপুর প্রতিনিধি
১৯৭১ সালের ২০ এপ্রিল টাঙ্গাইলের সখীপুরের ১০জন ছাত্র প্রথম মুক্তিবাহিনী গঠন করেছিলেন। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবারের সাংসদ প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে এ বাহিনী গঠন হয়েছিল। পরবর্তীতে তাঁরা ১০ জুন কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত কাদেরিয়া বাহিনীতে যোগ দিয়ে উপজেলার বহেড়াতৈলে শপথ নেন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনটি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন।

সকাল ১০টায় উপজেলার কোকিলা পাবরে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা, মুক্তিবাহিনী গঠনে নেতৃত্বদানকারী চারবারের সাংসদ প্রয়াত শওকত মোমেন শাহজাহানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনাসভায় স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হারুন আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইউএনও ফারজানা আলম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ প্রমুখ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গণি বলেন, ১৯৭১ সালের ২০ এপ্রিল টাঙ্গাইলের সখীপুরের ১০জন ছাত্র প্রথম মুক্তিবাহিনী গঠন করেন। পরবর্তীতে ওই বাহিনীর সদস্যরা কাদেরিয়া বাহিনীতে যোগ দেন। তৎকালীন সময়ে ময়মনসিংহে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে কলেজ ও স্কুলের ১০জন ছাত্র নিয়ে এ মুক্তিবাহিনী গঠন করেন। তিনি আরও জানান, সেই ১০জনের মধ্যে শওকত মোমেন শাহজাহান ও গোলাম মোস্তফা মারা গেছেন। কৃষিবিদ মকবুল হোসেন তালুকদার যুক্তরাষ্ট্রে আছেন। ড. জয়নুল আবেদীন ও মাজহারুল হক রাজধানী ঢাকায় ও পৌরসভার বর্তমান মেয়র আবুহানিফ আজাদ, মো. ওসমান গণি, শেখ মোহাম্মদ হাবীব, মোতালেব হোসেন ও আবদুস সালাম- এ পাঁচজন সখীপুরে বসবাস করছেন।