সখীপুর প্রতিনিধি
সখীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ হল রুমে সার ও বিনামূল্যের বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সাংসদ এড. জোয়াহেরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুনসহ প্রমুখ।
উপজেলার ৭০০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি উফশী ধানের বীজ, ১০কেজি এমওপি সার ও ২০কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে ৫০% ভর্তুকির আওতায় একজন কৃষককে কম্বাইন হারভেস্ট মেশিন ও ২জন কৃষকের মাঝে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি যান্ত্রিকীকরনে গুরুত্ব দিচ্ছে। এর ফলশ্রæতিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ দেয়া হচ্ছে।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারজানা আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এ উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা উপকৃত হবে।
এসএস/জুয়েল