নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় ৩৮ যাত্রী নিয়ে একটি পিকনিকের লঞ্চ ডুবে গেছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮ জন একটি পিকআপ ভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে আসেন। পরে সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন তারা। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ সানস্টার নিউজ টুয়েন্টি ফোরকে বলেন, ৩৮ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। তবে দর্শনার্থীদের এভাবে লঞ্চে ঘুরাঘুরি করতে নিরুৎসাহিত করা হয়েছে।
এসএস/জুয়েল