সানস্টার নিউজ ডেক্স
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বুধবার ( ৭ জুলাই) ভোর চারটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী।
তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
‘প্রচন্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’— গত ২০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন সাঈদা নাসরিন বাবলী।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। আজ ভোর ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে এক শিশুপুত্র, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সাঈদা নাসরিন বাবলীর লাশ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে দুটি জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামে তার মরদেহ দাফন করা হবে।