সানস্টার নিউজ ডেক্স
দশ দিনের মধ্যে পণ্য ডেলিভারির নিশ্চিত করা এবং সময় মতো পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হলে সাত দিনের মধ্যে মূল্য ফেরত দেওয়ার বিধানসহ ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১’ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (৫ জুলাই) এ নির্দেশিকা জারি করে মন্ত্রণালয়। ইতিমধ্যে যেসব ই-কমার্স কোম্পানিতে আগাম মূল্য পরিশোধের পর ক্রেতা পণ্য ডেলিভারি কিংবা মূল্য ফেরত কোনোটিই সময়মত পাচ্ছেন না তাদের দ্রুত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ই-কমার্স কোম্পানিগুলো আগে থেকে ক্রেতাদের থেকে যে অগ্রিম মূল্য নিয়েছে, সেগুলোর পণ্য ডেলিভারি বা মূল্য ফেরতের ক্ষেত্রেও একই সময়সীমা কার্যকর হবে। যেসব ক্রেতা অগ্রিম মূল্য পরিশোধের পরও পণ্য বা মূল্য ফেরত পাচ্ছেন না, আমাদের পরামর্শ হলো- তারা যেন দ্রুত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, ক্রেতার অগ্রিম মূল্য পরিশোধের ৪৮ ঘণ্টার মধ্যে পণ্যটি ডেলিভারিম্যান বা ডেলিভারি সংস্থার কাছে হস্তান্তর করে তা টেলিফোন, ই-মেইল বা এসএমএসের মাধ্যমে জানাবে ই-কমার্স কোম্পানিগুলো। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারিম্যান পণ্যটি ক্রেতার কাছে পৌঁছে দেবে। এতে আরও বলা হয়েছে, সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে কোনো পণ্য বা সেবা ডেলিভারিম্যানের কাছে হস্তান্তর করার মতো অবস্থায় না থাকলে সে ক্ষেত্রে ই-কমার্স কোম্পানিগুলো ওই পণ্যমূল্যের ১০ শতাংশের বেশি অর্থ অগ্রিম নিতে পারবে না। তবে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এসক্রো সার্ভিসের মাধ্যমে পুরো অর্থই অগ্রিম নিতে পারবে।
এসএস/রানা