দেশের চলমান কঠোর লকডাউনে আটকে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে নিজ নিজ জেলা পৌঁছানোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সোমবার (৫ জুলাই) সকালে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে এখানে আটকে পড়েছেন। আবার অনেকেই এখানে পরীক্ষা না থাকলেও পড়াশোনার জন্য এসেছেন। চলমান লকডাউনের কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না।
তিনি আরও জানান, আমরা একটু সময় নিয়ে তাদেরকে পৌঁছে দিতে চাই। কারণ তারা যতদিন এখানে থাকছে, এখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। বাড়িতে গেলেই তাদের পড়াশোনা কমে যাবে। তাই ঈদের কিছুদিন আগে ১৫-১৬ তারিখের দিকে তাদেরকে পৌঁছে দেওয়ার চিন্তা-ভাবনা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান জানান, কোন জেলায় কতজন শিক্ষার্থী যাবে সেই তালিকা আমাদের কাছে নেই। তালিকা সংগ্রহের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি অনলাইন লিংক দিয়েছি। সেই লিংকে শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজ নিজ জেলার নাম সাবমিট করতে পারবেন। শিক্ষার্থীদের এই জেলার তালিকা পাওয়ার পর আমরা বাসের রুট ঠিক করব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক মোকছেদুল হক জানান, ৯ তারিখের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা দেখে আমরা পরবর্তীতে কোন রুটে কতটি বাস পাঠাবো সেই সিদ্ধান্ত নেব। যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, তবে একদিনে হয়তো সব রুটে বাস পাঠানো সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা দুই/তিন দিন সময় নিয়ে শিক্ষার্থীদের পাঠানোর ব্যবস্থা করব।
এসএস/রানা