আমিনুল ইসলাম
জীবন আর পেশা এই দুইয়ের মধ্যে মানবতা এবং দায়িত্বকেই বেছে নিয়েছেন বাংলাদেশ পুলিশ। চলমান করোনা পরিস্থিতিতে নিরাপদ থাকতে সবাই যেখানে বাসা-বাড়ীতে অবস্থান করছেন। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ।
কঠোর বিধি-নিষেধের চতুর্থ দিন রোববার (৪ জুলাই) উপজেলার কয়েকটি চেক পোস্টে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিতে দেখা গেছে। গত ১ জুলাই থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে করোনার সংক্রমণ রোধে প্রত্যেককে বাসা-বাড়িতে থাকতে বলা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শপিংমল, গার্মেন্টস, কলকারখানা, গণপরিবহন, রেস্টুরেন্টসহ বিভিন্ন ধরনের বিনোদনকেন্দ্র ও সব সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান।
সেবাখাতের সঙ্গে সংশ্লিষ্ট এবং জরুরি খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয়দ্রব্য এর আওতামুক্ত। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণ যেন অহেতুক বাসা-বাড়ী থেকে বের না হন সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে থানা পুলিশ। পাশাপাাশি মাঠে আছে উপজেলা প্রশাসন, সামরিক বাহিনীর সদস্যরাও। সরাসরি মাঠ থেকে কাজ করছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আখ্যায়িত গণমাধ্যম কর্মীরাও।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, দায়িত্ব পালনে ঝুঁকি আছে, আছে খোদ মহামারি করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও। তবুও ব্যক্তি স্বার্থ আর নিরাপত্তার চেয়ে মানবিক আর পেশার দায়িত্বকেই বেছে নিয়েছি। জীবনের ঝুঁকির মধ্যেই সিদ্ধান্ত নিয়েছি পেশাগত প্রতিশ্রুতি পালনের। আমাদের নিরাপত্তার জন্য সচেতনতা তো আছেই সর্বপরি মহান আল্লাহর উপর ভরসা রাখি।
এসএস/জুয়েল