সানস্টার নিউজ ডেক্স
গ্রিসের মানোলাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
মঙ্গলবার (২৯ জুন) রাষ্ট্রদূত আসুদ আহ্মেদসহ বাংলাদেশ দূতাবাসের একটি টিম পশ্চিম গ্রিসের ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের আবাসস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
দূতাবাস জানায়, রোববার (২৭ জুন) গ্রিসের মানোলাদা এলাকায় ভয়াবহ আগুনে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশি কৃষি শ্রমিকের ৩৮টি ফারাঙ্গা (অস্থায়ী আবাসস্থল) পুরোপুরি পুড়ে যায়। প্রবাসী শ্রমিকরা সে সময় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। তবে আগুনে তাদের টাকা, পাসপোর্ট, পোশাক ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে যায়। ঘটনার পর গ্রিসের বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ-খবর নেয়।
দূতাবাস আরও জানায়, দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে রাষ্ট্রদূত আসুদ আহ্মেদ স্থানীয় ভারদা অঞ্চলের মেয়র লেজাস ইয়ানিসের সঙ্গে দুর্ঘটনা ও এর থেকে স্থায়ীভাবে উত্তরণের উপায় নিয়ে বৈঠক করেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য অস্থায়ী আবাসস্থলের পরিবর্তে পাকা ও স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা করার জন্য মেয়রকে অনুরোধ জানান। মেয়র বাংলাদেশি প্রবাসীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে নতুন অস্থায়ী বাসস্থান নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসএস/রানা