সানস্টার বিনোদন ডেক্স
ব্যক্তিগত জীবনে সমালোচনা নিত্যদিনের সঙ্গী । টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কর্মজীবনে নতুন সফর শুরু করেছেন এই অভিনেত্রী। সিনেমার পর এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। সঙ্গী সোহম চক্রবর্তী।
বৃহস্পতিবার (২৪ জুন) অবশেষে প্রকাশ্যে এল হইচই-এর এই আসন্ন ওয়েব সিরিজের প্রথম ঝলক। প্রমিতা ভট্টাচার্যের পরিচালনায় তৈরি সোহম-শ্রাবন্তীর ‘দুজনে’ কিন্তু প্রেমের গল্প নয়, পুরোদস্তুর থ্রিলার ওয়েব সিরিজ এটি, যার মধ্যে জড়িয়ে রয়েছে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন।
আচমকাই পালটে গিয়েছে অমর (সোহম)-এর আচরণ, যা নিয়ে দুশ্চিন্তায় অহনা (শ্রাবন্তী)। তার প্রশ্ন, ‘কাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি ভুলে যাই কী করে’? অমরের এই পরিবর্তনের পিছনের সত্যিটা অনুসন্ধান করতেই হবে অহনাকে। একটা দুর্ঘটনা এবং তার জেরে আচমকা অমরের বদলে যাওয়ার রহস্য ঘিরেই এগোবে ওয়েব সিরিজের গল্প।
শ্রাবন্তী-সোহম ছাড়াও এই সিরিজে দেখা মিলবে রাজদীপ গুপ্তা, অদ্রিজা রায়, দেবশংকর হালদারের মতো অভিনেতাদের।
গত বছর নভেম্বরে এই সিরিজের শুটিং সেরেছিলেন সোহম-শ্রাবন্তী, তারপর থেকেই অপেক্ষা চলছিল এই সিরিজের। আগামী ৯ই জুলাই হইচই-তে স্ট্রিমিং শুরু হবে ‘দুজনের’। প্রায় ১১ বছর আগে ‘অমানুষ’ ছবির সঙ্গে শুরু হয়েছিল এই জুটির পথচলা। শেষবার ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।
এসএস/জুয়েল