নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়ার প্রত্যাহার দাবিতে এক নির্যাতিত নারী মানববন্ধন কর্মসূচি পালন করার একদিন পর ওই নারীর স্বামী পাল্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
জোরপূর্বক স্বামীর বাড়িতে অবস্থান করার প্রতিবাদে মঙ্গলবার (২২ জুন) বেলা ১১টায় সখীপুর-ঢাকা সড়কের ছাপড়াবাজার এলাকার মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঘেচুয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে আব্দুল লতিফ মিয়ার সঙ্গে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের মৃত কুরবান আলী শেখের মেয়ে আয়েশা বেগমের বিয়ে হয় ২০০১ সালে। তাঁদের বড় ছেলে মুশফিকুর রহমান (১৭) ঢাকার একটি কলেজে পড়াশোনা করেন ও আরেক ছেলে মশিউর রহমানের বয়স পাঁচ বছর। গত পাঁচ বছর ধরে ওই নারীর স্বামী আবদুল লতিফ গাজীপুরে একটি কারখানায় চাকরি করেন। এই পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মাস ছয়েক আগে ওই নারীকে তালাক দেন স্বামী। সপ্তাহ খানেক আগে স্বামী লতিফ মিয়া সখীপুর থানায় স্ত্রীকে আসামি করে অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সখীপুর থানার এসআই শাহীন মিয়া উপজেলার ঘেচুয়া গ্রামে গিয়ে দুই ছেলেসহ ওই নারীকে কোনো নারী পুলিশের সহযোগিতা ছাড়াই ঘর থেকে জোরপূর্বক বের করে দিয়ে ওই বাড়িতে তালা দেন। পরে গ্রামবাসীর সহযোগিতায় ওই নারী আবার ওই বাড়িতে অবস্থান নেন। এর প্রতিবাদে ও এসআইয়ের প্রত্যাহার দাবি করে গত রোববার বেলা দেড়টায় ওই একই স্থানে ওই নারী মানববন্ধন করে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য, ওই গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান আক্কাছ বলেন, শিগগিরই তাঁদের মধ্যে যে কলহ তা সালিশী বৈঠকের মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে।
সখীপুর থানার এসআই শাহীন মিয়া বলেন, তিনি ঘটনার তদন্ত করতে ওই বাড়িতে গিয়েছিলেন। তাঁকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাসও দিয়েছিলেন। তিনি ওই নারীকে ঘর ছাড়া করার কথা অস্বীকার করেন।
ওই নারীর স্বামী আবদুল লতিফ মিয়া বলেন, আমি স্ত্রীকে তালাক দিয়েছি। আমার বাড়িতে ওই নারীর থাকার কোনো অধিকার নেই। আমি ওই নারীর দ্বারা নির্যাতনের শিকার।
আয়শা বেগম নামের ওই নারী মুঠোফোনে বলেন, পাঁচ বছর ধরে আমার স্বামী আমার দুই ছেলেসহ কারও ভরণপোষণ করেন না। শুনেছি তিনি গাজীপুরে আরেকটা বিয়ে করেছেন। টিউশনি করে আমি বনের জমিতে ঘর দিয়েছি। সেই ঘর থেকে আমি ও আমার সন্তান মরে গেলেও বের হবো না। এটা আমার বাড়ি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভুইঁয়া বলেন, আবদুল লতিফ মিয়া নামের এক ব্যক্তি তাঁর এলাকার মানুষদের নিয়ে মানববন্ধন কর্মসূচি করেছেন বলে শুনেছি।
এসএস/জুয়েল