নিজস্ব প্রতিবেদক
সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদলের বিরুদ্ধে ফেসবুকের ভুয়া আইডি থেকে মানহানিকর, মিথ্যা বানোয়াট স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুর ১২টায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুয়া আইডি শনাক্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এর আগে তাঁরা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও থানার ওসির নিকট স্মারকলিপি দেন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ জুন থেকে ‘রিনা আক্তার’ ও পরে নাম বদলে ‘দূর্নীতিমুক্ত সমাজ চাই’ ফেসবুক আইডি থেকে আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া বাদলের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, মানহানিকর কথা লিখে অপপ্রচার চালাচ্ছে। এর প্রতিকার চেয়ে বক্তরা সাত দিনের মধ্যে ভুয়া আইডি শনাক্ত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আল্টিমেটাম দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সহ সভাপতি আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত, বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কদ্দুস মাখন, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক শিমুল সিকদারসহ কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ ওসহযোগী সংগঠন এর শতাধিক নেতাকর্মী এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে সাইদুল হক ভুঁইয়া বলেন, এ বিষয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ভুয়া আইডিধারীকে শনাক্ত করতে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।
এসএস/জুয়েল