সানস্টার নিউজ ডেক্স
প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সোমবার অনুষ্ঠিত হচ্ছে শিবচরের ১৩ ইউপি নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যসহ দুই হাজার দুইশত আইনশৃঙ্খলনা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ছিল ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বনির্ধারিত তারিখ। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২১ জুন। শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীতা উম্মুক্ত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভা করে সর্বসম্মতভাবে প্রার্থীতা উম্মুক্ত রাখার সুপারিশ গৃহিত হয়। বিষয়টি আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সভায় তা গ্রহণ করেন। এরপর থেকেই শিবচর উপজেলাজুড়ে উৎসবের আমেজ বইতে শুরু করে। ঘরে ঘরে প্রার্থীদের পদচারনা আর প্রতিশ্রুতির ফুলঝড়ি ছিল। প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক নেতা প্রার্থী হয়ে মাঠ চষে বেড়িয়েছেন। শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩ জন, মেম্বার পদে ৪১০জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
১৩ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ৫৩৮জন এবং মহিলা ভোটার ৮১ হাজার ৭১৭জন। ১৩ ইউপি‘র মধ্যে শুধু কাদিরপুর ইউনিয়নে ইভিএম‘এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিয়নে মোট ভোটার ১৩হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ৭হাজার ১৭১জন এবং মহিলা ৬হাজার ১৭৬জন।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১১৭ কেন্দ্রে ৪৮৭টি বুথে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী কাজে নিয়োজিত আছেন ২০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯৬০জন পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২‘শ জন আনসার সদস্য। ১৩ ইউনিয়নের মধ্যে কাদিরপুর ইউনিয়নের ৯ কেন্দ্রে ইভিএম‘এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।’
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘এ নির্বাচনকে দেশের মডেল করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএস/রানা