দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।
শনিবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক দিনে মৃত্যুর সংখ্যা আগের দিনে চেয়ে কিছুটা বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন এবং শনাক্তের হার ১৮ দশমিক ২ শতাংশ। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৪৮ হাজার ২৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কোনোরকম ঝুঁকি না নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি হলে সেসব এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ (ব্লক) করে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলেছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে আবারো মনে করিয়ে দিতে বলেছেন তিনি।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৭ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৪২ হাজারের বেশি মানুষের।
এসএস/রানা