করোনাভাইরাসের টিকা সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন। বৃহস্পতিবার (১৭ জুন) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান ড. মোমেন।
সদ্য সমাপ্ত জি-সেভেন সম্মেলনে করোনাভাইরাসের টিকাকে ‘সকলের জন্য’ ঘোষণা করায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান মোমেন। জবাবে জাতিসংঘ মহাসচিব সবার টিকাপ্রাপ্তির বিষয়ে জি-সেভেন সম্মেলনে তার নেওয়া উদ্যোগ এবং টিকা তৈরিতে বাংলাদেশের সক্ষমতার তথ্য উপস্থাপন করার কথা তুলে ধরেন বলে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিবৃতিতে জানানো হয়।
জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন গুতেরেস।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দ্বিতীয় মেয়াদে পুনরায় নিয়োগের জন্য মহাসচিবকে অভিনন্দন জানান এবং মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ এখন আগের চেয়ে বেশি প্রয়োজন। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার কথা উল্লেখ করে মহাসচিব বাংলাদেশকে ধন্যবাদ জানান। গুতেরেস বলেন, বিশ্বের বৃহত্তম শরণার্থী গোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বিশ্ব বাংলাদেশের উদারতা মনে রাখবে।
এসএস/রানা