সানস্টার নিউজ ডেক্স
ঢাকায় ২০২২ সালের মার্চে পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান। ২০২৬ সালে পাতাল রেলে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও এ সময় জানান তিনি।
নির্মাণকাজ সম্বন্ধে ডিএমটিসিএলের এমডি বলেন, প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
এম এ এন ছিদ্দিক জানান, এই রেললাইনের দুটি অংশ থাকবে- পাতাল অংশ ও উড়াল পথ। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত হবে পাতাল অংশ, যার দৈর্ঘ্য হবে ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। আর কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত উড়ালপথ নির্মাণ করা হবে। এর দৈর্ঘ্য হবে ১১ দশমিক ৩৬ কিলোমিটার। পাতাল মেট্রোরেল ব্যবস্থায় প্রতিদিন আট লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। রেললাইনটি নির্মাণে খরচ ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।
এসএস/রানা