সানস্টার নিউজ ডেক্স
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারের ১৩টি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার (১৪ জুন) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানান যায়, কচুপাত্রা বাজারে কসমেটিকসের একটি দোকান গত চার পাঁচ দিন ধরে বন্ধ ছিল ওই দোকানের মালিক কসমেটিকসের মাল আনতে ঢাকায় গেছে। তাদের ধারণা ওই দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগেছে যার কারণে আশেপাশের প্রায় ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা দেড় ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক সময় মত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে ক্ষতি অনেকটা কম হতো বলে জানান স্থানীয়রা।
শারিকখালী ইউনিয়ন চেয়ারম্যান বাদশা তালুকদার বলেন, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে ক্ষতি অনেক বেশি হয়েছে। ফায়ার সার্ভিস আসতে আসতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
আগুন লাগার বিষয়টি জানতে পেরে ওই দিন রাতেই তালতলী উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুনে কসমেটিকস, মুদি দোকান,কাপড়ের দোকানসহ ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তামিম হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, আমতলী – তালতলী মহাসড়কের রাস্তার খুবই খারাপ অবস্থার কারণে দ্রুত পৌঁছার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমাদের দুইটি ইউনিট কাজ করেছে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
এসএস/রানা